করোনার প্রকোপে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, প্রতিদিন আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে সেখানের হেলথ কেয়ার সেন্টারগুলো। তবে এমন সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্যের জন্য এগিয়ে আসছেন তারকারা। সেই তালিকায় এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। করোনায় অসহায় মানুষদের পাশে দাড়াবেন তিনি। কঠিন সময়ে সকলকে একজোট হওয়ার জন্য অনুরোধ করেছেন রিয়া।
প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অনেক ধকল গেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর উপর দিয়ে। তার জীবনের সবচেয়ে খারাপ সময় শুরু হয়েছিল সেই ঘটনার পর থেকে। এলোমেলো হয়ে গেছে তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন। তবে নিজেকে আবার গুছিয়ে নিতে শুরু করেছেন তিনি। এগিয়ে আসছেন অসহায় মানুষের সেবায়। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাড়িয়ে সাহায্যের বার্তা দিচ্ছেন রিয়া।
গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী রিয়া। সেখানে লেখেন, ‘কঠিন সময় প্রয়োজন ঐক্যের। যাদের সাহায্য করতে পারবেন করুন। ছোট হোক বা বড়, সাহায্য তো সাহায্যই হয়। মেসেজ করে জানান আমি যদি কোনোভাবে আপনার সাহায্য করতে পারি। যথাসাধ্য চেষ্টা করব। নিজের খেয়াল রাখুন, স্নেহশীল হোন’। নিজের কঠিন সময়ের মধ্যেও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা এবং সাহায্যের বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নেটমাধ্যমেই প্রথম কাঠগড়ায় তোলা হয়েছিল রিয়াকে। বিভিন্ন ধরনের ট্রোল, মিম, কটাক্ষ ধেয়ে এসেছিল রিয়ার দিকে। এমনকি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে অভিনেত্রীর পরিবার, শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছিল নেটাগরিকদের একাংশ। অথচ সেই নেটমাধ্যমকে কাজে লাগিয়েই এ বার মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছেন রিয়া।