করোনায় বলিউডে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। একের পর এক আক্রান্ত হচ্ছে বলিউড তারকারা। সেই তালিকায় যোগ হয়েছেন অভিনেতা আশুতোষ রানা। তবে কিছুদিন আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। কিন্তু রেহাই পেলেন না এই ভাইরাস থেকে। অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনেতা আশুতোষ রানা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘যদি খুব শুভ দিনে আপনার শরীরে রোগের সম্পর্কে জানতে পারেন, তবে এর চেয়ে ভাগ্যবান আর কিছুই হতে পারে না। দেবী দুর্গার আশীর্বাদ যে আমি আজ একটি সভায় জানতে পেরেছি যে আমি করোনায় আক্রান্ত’। তিনি জানান, ৭ এপ্রিলের পর তার সংস্পর্শে যারা এসেছেন সবাই যেন করোনা পরীক্ষা করান। এছাড়াও আশুতোষ রানার কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর তার পরিবারের সবাই করোনা পরীক্ষা করেছেন। যদিও এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাননি তারা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বলিউডের বড় একটি অংশ কোভিড পজিটিভ হয়েছেন। করোনায় আক্রান্ত তারকাদের মধ্যে রণবীর কাপুর, আমির খান, অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, ভুমি পেডনেকর, ভিকি কৌশল, সঞ্জয় লীলা বনশালি, মনোজ বাজপেয়ি, ক্যাটরিনা কাইফ, অর্জুন কাপুরসহ আরও অনেকে রয়েছে।