করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শনিবার (৮ মে) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া ওই স্টাটাস থেকে জানা যায়, কয়েক দিন ধরে ক্লান্ত অনুভব করছিলেন বলিউডের এই অভিনেত্রী। শুক্রবার (৭ মে) করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন।শনিবার ফলাফল পজিটিভ এসেছে তাঁর। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি।
স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘জানি না কত দিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।’
কঙ্গনা রানাওয়াত নিজেকে বলিউড চলচ্চিত্রের অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার। এছাড়াও তিনি ৪টি ফিল্মফেয়ার পুরষ্কার লাভ করেছেন। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মামনা পদ্মশ্রী পদকে ভূষিত করে।