বলিউডে করোনায় আক্রান্ত তারকাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একের পর এক তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ভুমি পেডনেকর এবং ভিকি কৌশল। সিনেমার শ্যুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এই দুই তারকা। সিনেমার নাম ‘মিস্টার লেলে’। শ্যুটিং চলাকালীন সময়ে দুইজনই করোনা পজিটিভ হয়েছে।
ইনস্টাগ্রামের পোষ্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভুমি নিজেই। ভুমি লিখেছেন, ‘যদিও আমার তেমন কোনো লক্ষণ নেই, তবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সুস্থই আছি, চিন্তা করবেন না। আশা করি, শিগগিরই নেগেটিভ হয়ে ফিরব। সম্প্রতি যারা আমার কাছাকাছি এসেছেন, আপনারা করোনা পরীক্ষা করান।’
ভুমি আরও লিখেছেন, ‘করোনাকে আপনারা ছোট করে দেখবেন না। মাস্ক পরুন, মাস্ক পরার বিকল্প নেই। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমি যথেষ্ট সাবধানে ছিলাম। তবুও করোনা থেকে বাঁচতে পারিনি। আপনারা আরও সাবধানে থাকুন।’
এদিকে ভিকি কৌশল তার ইনস্টাগ্রামে লিখেছেন, 'সমস্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও আমি করোনা আক্রান্ত হয়েছি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন।’ বিগত কয়েকদিন তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়ে ভিকি বলেন, 'দয়া করে আপনারা পরীক্ষা করান। ভালো থাকুন, সুস্থ থাকুন।'
করোনার দ্বিতীয় দফায় বলিউডে কোভিড পজিটিভ তারকাদের সংখ্যা বেড়েই যাচ্ছে। করোনায় আক্রান্ত বলিউড তারকার মধ্যে অক্ষয় কুমার, গোবিন্দ, পরিচালক সতীশ কৌশিক, ফাতিমা সানা শেখ, আমির খান, মাধবন, কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত সহ আরও অনেকে রয়েছেন।