করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আবৃত্তি চর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক ও জনপ্রিয় আবৃত্তিশিল্পী ফারজানা ইসলাম দিনা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৫এপ্রিল) দিবাগত রাত ৩টায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন আবৃত্তিশিল্পিী রানা আহমেদ।
করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ৯ এপ্রিল দিনাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দিনার স্বামী আবৃত্তিশিল্পী শহিদুল ইসলাম নাজুও সেখানে চিকিৎসাধীন ছিলেন।
তবে শহিদুল ইসলাম সুস্থ হয়ে উঠলেও দিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
রবিবার রাতে চিকিৎসক ভেন্টিলেশন সাপোর্ট খুলে নিয়ে ফারজানা দিনাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফারজানা দিনাকে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। তবে পারিবারিকভাবে আলোচনা করে দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আবৃত্তিশিল্পী রানা আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন।