কর্তন ছাড়াই ছাড়পত্র পেল ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৩, ০৪:৩৯ পিএম

কর্তন ছাড়াই ছাড়পত্র পেল ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’

বহুল প্রতীক্ষিত সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ছাড়পত্র পেয়েছে। ছাড়পত্র দেওয়ার আগে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে এর গল্প ও নির্মাণের ভূয়সী প্রশংসা করেন।

আসছে ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। 

প্রযোজনা সংস্থা থেকে জানা যায়, রবিবার (১ জানুয়ারি) সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার পর মঙ্গলবার (৪ জানুয়ারি) বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়।

সিনেমাটির প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার গণমাধ্যমকে বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে।তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান প্রমুখ। এছাড়া, সিনেমাটিতে একটি আইটেম গানে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা ববি হক। 

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Link copied!