কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম অভিনীত ‘ডিকশনারি’। সম্পর্কের অজানা অভিধান নিয়ে নির্মাণ করা হয়েছে ভারতীয় এই চলচচ্চিত্র। আজ ১২ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত এই ছবিতে প্রধান চরিত্রে আরও রয়েছে আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান। এছাড়াও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, পৌলমী বসু সহ আরো অনেককে।
‘ডিকশনারি’ পরিচালনা করেছেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোটগল্প ‘স্বামী হওয়া’ ও ‘বাবা হওয়া’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন তিনি। এই ছবির গল্পে অসম বয়সী দাম্পত্য সম্পর্ক, বিবাহ বহির্ভূত প্রেম-ভালোবাসা ও সম্পর্কের জটিল ধাঁধা প্রাধান্য পেয়েছে।
ডিকশনারি’ তে মোশাররফ করিম (মকরক্রান্তি চ্যাটার্জী) অভিনয় করেছেন একজন ব্যবসায়ীর চরিত্রে। মার্ক অ্যান্ড চ্যাটার্জী রিয়েল এস্টেট কোম্পানির মালিকতিনি এবং স্ত্রী (শ্রীমতী) আর ছেলে (রাকেশ)-কে নিয়ে রাজারহাটের বহুতলে থাকেন। কম পড়াশোনা জানা একটি মানুষ, যিনি খুব বেশি পড়াশোনা করতে পারেননি। তবে একমাত্র ছেলের পড়াশোনার জন্য কোনো কমতি রাখেন না। কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে আসা মকর, ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানোর স্বপ্ন দেখেন। তবে ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।
এছাড়াও স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে আবির-নুসরাত জুটিকে। ছবিতে পুরুলিয়ার বনবিভাগের কর্মকর্তা অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকেন। স্মিতার চরিত্রই সিনেমাতে ফুটিয়ে তুলেছেন নুসরত জাহান।বৈবাহিক সম্পর্কের জটিল ধাঁধায় হারিয়ে যাওয়া অসুখী স্মিতা সম্পর্কে জড়িয়ে পড়েন তারই দেবরের সঙ্গে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।