এবারের কান উৎসবে থাকছে বাংলাদেশের স্টল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ০৩:৪০ পিএম

এবারের কান উৎসবে থাকছে বাংলাদেশের স্টল

আগামী ১৬ই মে থেকে শুরু হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। এবারের আসরে থাকছে বাংলাদেশের অফিসিয়াল স্টল। ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে অবস্থিত পালে দে ফেস্টিভ্যাল ভবনে প্রথমবার বাংলাদেশের অফিসিয়াল স্টল থাকার খবরে দারুণ খুশী সেখানে অবস্থানরত বাংলাদেশীরা।

উৎসবটির বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রয়াস চালানো হবে। ইতিমধ্যে সরকারিভাবে স্টল বরাদ্দের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন বিএফফডিসি’র চিফ অব ফ্লোর অ্যান্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

জানা গেছে, মার্শে দ্যু ফিল্মে এবার শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটির প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। গত বছর কানে ভারতীয় প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার উন্মোচন হয়।

আগামী ১৬ই মে শুরু হওয়া উৎসবের পর্দা নামবে ২৭শে মে। এদিকে অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের অর্জনের ঝুলিতে যোগ হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম। অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসই উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানা গেছে।

Link copied!