ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৯:১৪ পিএম
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস। বৃহস্পতিবার সকালে ওই মন্দিরে যেয়ে সেখানে দেড় ঘণ্টা প্রার্থনা করেছেন এই ঢালিউড কুইন।

ভারতের আসাম রাজ্যের নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে উৎসবের সময় বিভিন্ন অঞ্চল থেকে তান্ত্রিকসাধুরা ভিড় করেন কামাখ্যায়। সাধু, সন্ন্যাসী আর তান্ত্রিকদের সাধনালয়ের জন্যই প্রাচীনকাল থেকেই মন্দিরটি খুব জনপ্রিয়। প্রতিদিনই হাজারো পূর্ণ্যার্থী সেখানে পূজা দিতে ভিড় করেন। বৃহস্পতিবার অপু বিশ্বাসও পুজো সেরে তার দীর্ঘদিনের লালিত আশা মেটালেন।
পুজো দেওয়া বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “ছোটবেলা থেকেই এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।”

এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব সরস্বতী পূজাও করেছেন অপু বিশ্বাস। বগুড়ায় নায়িকার গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই পূজা করেন তিনি। পূজা করার মুহূর্তে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অপু বিশ্বাস।
প্রসঙ্গত, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি অপু বিশ্বাসের মুক্তি পেয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রটি। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস। চলচ্চিত্রটিতে অপু বিশ্বাসের সঙ্গে পর্দা শেয়ার করেছেন এই সময়ের অন্যতম ক্রেজ বাপ্পী চৌধুরী।