জুন ৩০, ২০২২, ০৫:৫৬ পিএম
কার্তিক আরিয়ান অভিনীত 'ভুল ভুলাইয়া ২' ছবি সদ্য বক্স অফিসে ঝড় তুলে ভক্তদের প্রশংসায় ভাসছে। এরমধ্যেই প্রায় ২৩০ কোটির ব্যবসা করে ফেলেছে। ছবির ব্যবসার জন্য কার্তিককে কোটি টাকা দিয়ে গাড়িও উপহার দিয়েছেন প্রযোজক।
ছবিটিতে বিভিন্ন সময়ে কার্তিকের মুখে একাধিকবার বাংলা বলতে শোনা যায়। আর তাতেই বেফাঁস বাংলা বলায় ক্ষেপে গিয়েছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । সোজা সাপটা টুইটারে কার্তিকের উদ্দেশ্যে তিনি লেখেন, আগামীকালকে বাংলায় ‘কল’ বলে না, বলা হয় ‘কাল’! আর তোমার নতুন গাড়ি / চাইনিজ ফুড টেবিলের জন্য অনেক শুভেচ্ছা।
অনির্বাণ যে কার্তিকের সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখেন তার প্রমাণ সহজেই মিলেছে। কিন্তু অবাঙালি অভিনেতার মুখেও সঠিক বাংলা উচ্চারণ না শুনেই যেন তিনি বিরক্ত। অনির্বাণ নিজেও নিজের অভিনয় এবং সংলাপের প্রতি যথেষ্ট নজর রাখতে ভালবাসেন। তথাকথিত সামাজিক জীবনে একটু অন্যরকম ভাবেই বাঁচতে পছন্দ করেন। আর জাতীয় স্তরে বাংলা ভাষার সঠিক প্রয়োগ না হওয়াতেই এই মন্তব্য করে বসেছেন তিনি।
এদিকে অনির্বাণের এই মন্তব্য কার্তিকের নজরে না আসলেও নেটিজেনদের নজর কেড়েছে। আর তাতেই বেজায় চটেছেন তারা। অনির্বাণ কী তবে জ্বলছেন? কেউ কেউ এমনও বললেন, আপনি তো অন্যদের মতই আচরণ করছেন।
আবার কেউ বললেন, অনির্বাণ দা আপনার থেকে এটা আশা করা যায় না। একজন অবাঙালি অভিনেতার পক্ষে বাংলা উচ্চারণে এটুকু ভুল হতেই পারে। আবার কেউ কেউ তার হিন্দি তুলেও কটাক্ষ করলেন। আপনি ১০০% শুদ্ধ হিন্দি বলতে পারেন? নেটদুনিয়ার চরম রোষে অভিনেতা।