কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম দখল করে নিয়েছে কুমড়ানি ও বেগুনি। চলছে এ নিয়ে কৌতুক ও হাস্যরসাত্মক আলাপ। কেউ কেউ কুমড়ো চপ ও বেগুনি বানিয়ে ছবি পোস্ট করছেন। এই পরিস্থিতিতে নতুন আরেকটি বিষয় যোগ হলো। চিত্রনায়িকা মাহিয়া মাহি মিষ্টি কুমড়ো দিয়ে বানাচ্ছেন ‘মেগুনি’। আজ রবিবার মাহি ফেসবুক পেইজে মেগুনির ছবি পোস্ট করেছেন।
মাহিয়া মাহি রেস্টুরেন্ট ব্যবসা চালু করতে যাচ্ছেন। ঈদুল ফিতরের আগের দিন চাঁদ রাতে তার এ রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে উদ্বোধনের আগেই ইফতার বানানো শুরু করেছেন তিনি। যেখানে স্থান পেয়েছে ‘মেগুনি’ নাম দেয়া তার এই রেসিপিটি।
মাহি বলেন, “আমি খুব উচ্ছ্বসিত নতুন এই পদটি নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি-মেগুনি। মেগুনি তৈরির আগ্রহটা পেয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব। আর এ কারণে আমার ফারিশতার ক্রেতাদের জন্য এটা তৈরি করছি।”
গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে চিত্রনায়িকা মাহিয়া মাহির রেস্তোরাঁ ‘ফারিশতা’। মাহি উপস্থিত থেকে রোজ ইফতার সামগ্রী তুলে দেন ক্রেতাদের হাতে।