দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন অনন্ত জলিল। ঈদ উপলক্ষে গত ১০ জুলাই মুক্তি পেয়েছে তার ‘দিন দ্য ডে’ সিনেমাটি। সিনেমায় বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। বড় বাজেটের এই সিনেমাটি মোটামুটি ব্যবসা সফল বলা যায়।
এমন সফলতার মধ্যেও সিনেমার নামকরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল, মিম চলেছে। অনন্ত জলিলের সিনেমায় কেন বাংলার পাশাপাশি ইংরেজি শব্দ ‘দ্য’ ব্যবহার হয় তা নিয়ে চলেছে তুমুল আলোচনা-সমালোচনা। কেন সিনেমার নামের সাথে 'দ্য' ব্যবহার করেন সে জবাব দিয়েছেন খোদ অনন্ত জলিল।

তিনি বলেন, ' দিন তো একটি শব্দ। আমরা তো অর্ধেক বলতে পারি না। ইংলিশ নামটা রাখার কারণ, বিভিন্ন দেশে সেন্সর হবে ছবিটা। এখন অন্য ভাষার মানুষেরা কীভাবে বুঝবে ছবির নামের অর্থ। বাংলা ছবির নামের অর্থ অন্য ভাষাভাষিদের বুঝাতেই তো মাথা নষ্ট হওয়ার উপক্রম।
সব ছবিতেই যে ‘দ্য’ ব্যবহার করছেন তেমনটি কিন্তু নয়। উপযুক্ত স্থানেই ইংরেজির এই গ্রামাটিক্যাল আর্টিক্যালটি ব্যবহার করেছেন বলে মনে করিয়ে দিলেন অনন্ত।

এ অভিনেতা বলেন, আমি যখন আমার প্রথম ছবিটির নাম রাখি খোঁজ তখন (এর ইংলিশ টার্ম) দ্য সার্চ দিই। আর যে ছবির নাম ইংরেজিতে সেখানে তো আর বাংলা নাম রাখতে হয়নি (দ্য এর ব্যবহারও হয়নি)। যেমন- মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু, দ্য স্পিড। আবার আমি ছবির নাম দিলাম- হৃদয় ভাঙা ঢেউ। তখন ইংলিশে ট্যাগ দিলাম – হার্ট ব্রেকিং ব্লো। তখন কিন্তু আমাকে ‘দ্য’ ব্যবহার করতে হয়নি। তখন ‘দ্য’ ব্যবহার করলে বিষয়টি হাস্যকর হয়ে যেত।

এরপর সমালোচনার বিষয়ে এ তারকা বলেন, দ্য এর ব্যবহার হলিউড, বলিউডে অনেক করা হয়। কিন্তু তাদের নাম নিয়ে তো সমালোচনা হয় না।