কেমন ছিল ২১ এর ঢালিউডপাড়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:৫৯ পিএম

কেমন ছিল ২১ এর ঢালিউডপাড়া

ঢালিউডপাড়া সারাবছরই সরগরম থাকে। তাই বছর শেষে পেছনে ফিরে তাকালে দেখা যায়, ঢালিউডে আলোচিত ঘটনার সংখ্যা নেহাতই কম নয়।

আবার, তারকাদের ভাগ্যে বিতর্কও নতুন নয়। ভালো কাজে তারা যেমন প্রশংসিত হন, তেমনি পান থেকে চুন খসলেই হন সমালোচিত। দেশের ছোটপর্দার অনেক অভিনয়শিল্পী বিভিন্ন কারণে চলতি বছর আলোচিত হয়েছেন। দেখে নেই, ২০২১ এ ঢালিউডপাড়ার আলোচিত ঘটনাগুলো।

পরীমনি কাণ্ড

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ২০২১ সালে তারকা অঙ্গনে ছিলেন আলোচনা-সমালোচনার তুঙ্গে। চলতি বছরের ৮ জুন রাতে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগ তোলেন নায়িকা। এ ঘটনায় ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন তিনি। এ মামলায় নাসির ও অমিকে গ্রেফতার করে পুলিশ।

তাহসান-মিথিলা-ফারিয়া

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন।

মাহিয়া-মুরাদ

অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে প্রতিমন্ত্রী মুরাদের টেলিফোন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই চিত্রনায়িকার উদ্দেশে তাকে ‘কুরুচিপূর্ণ’ কথা বলতে শোনা গেছে। এই কথোপকথন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে।

এছাড়া খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করতে শোনা যায়। এসব ঘটনার জেরে মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মডেল পিয়াসা ও মৌ

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয়।

আলোচিত এই দুই মডেল পিয়াসা-মৌয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ২০১৭ সালে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের ঘটনার সময় মডেল পিয়াসার নাম উঠে আসে।

রেহানা মরিয়াম নূর

এ বছরের সবচেয়ে আলোচিত বাংলা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। চলতি বছর ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে রেহানা মরিয়ম নূর। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের নির্মাণে সিনেমার প্রধান চরিত্রে দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। তার সঙ্গে ছিলেন আফিয়া জাহিন জায়মা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, জোপারি লুই ও সাবেরি আলম।

Link copied!