কৈলাশ খেরের গানের মাঝেই বোতল ছুঁড়ে মারলো দর্শকরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৭:৩৬ পিএম

কৈলাশ খেরের গানের মাঝেই বোতল ছুঁড়ে মারলো দর্শকরা

‘আল্লাহ কি বান্দে’, ‘চাঁদ সিফারিশ’, ‘তেরি দিওয়ানি’, ‘তাওবা তাওবা’, ‘সাইয়া’সহ বেশ কয়েকটি গানের জন্য ভারতীয় উপমহাদেশে বেশ আলোচিত ও জনপ্রিয়তা পেয়েছেন কৈলাশ খের। তরুণ প্রজন্মকে এই গানগুলো দিয়ে মুগ্ধ করে রাখেন তিনি। কিন্তু সবার ভালোবাসা পাওয়া এই গায়ককেই দক্ষিণ ভারতের কর্ণাটকে গান গাওয়া অবস্থায়ই ছুঁড়ে মারা হলো বোতল।

রবিবার (২৯ জানুয়ারি) রাতে রাজ্যের বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে গান গাইতে গিয়েছিলেন তিনি।  

ইউটিউবে এনডিটিভির এক ভিডিওতে দেখা যায় গান পরিবেশনকালে কৈলাশ খেরকে লক্ষ্য করে দর্শক সারি থেকে পানির বোতল ছোঁড়া হয়। তবু গান থামাননি এই গায়ক। আয়োজকের এক প্রতিনিধি এসে বোতলটি সরিয়ে নেন। ভিডিওটির কমেন্টে অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। 

এই ঘটনায় আটক প্রদীপ ও সুরাহ নামের দুই তরুণ অবশ্য এই কাজের কারণ হিসেবে জানান কন্নড় গান গাইতে বলার জন্য দৃষ্টি আকর্ষণ করতে এ কাজ করেছেন তারা। আটকদের জবানবন্দির বরাতে পুলিশ সাংবাদিকদের জানান, কৈলাশ খের হিন্দি গান পরিবেশন করলেও কোনো কন্নড় গান পরিবেশন করছিলেন না, কন্নড় গান পরিবেশনের দাবি তুলে বোতল ছুড়েছেন তাঁরা।

গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী হ্যাম্পি উৎসব আয়োজিত হয়। রবিবার শেষ হওয়া এ আয়োজনে আরমান মালিক, বিজয় প্রকাশসহ কয়েকজন শিল্পী গান পরিবেশন করেছেন।

 

Link copied!