বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও তার ছেলে আইজান নেহান করোনামুক্ত হয়েছেন। বুধবার সিডনির স্থানীয় সময় বিকেলে শাবনূর জানান তার করোনামুক্তির খবর জানিয়েছেন। পাশাপাশি জানান, পুরোপুরি সুস্থ তিনি। সুস্থ আছেন তার ছেলেও।
বুধবার দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া এক সাক্ষাতকারে ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, “বিশ্বাস করুন খুবই বাজে একটা রোগ করোনা। ঘরে থাকতে থাকতে হাপিয়ে উঠেছিলাম। তাছাড়া জ্বর ও হাচি কাশিতে ঘরের মধ্যে আতঙ্ক নিয়ে থাকতে হয়েছে। আমার শত্রুরও যেনো এই রোগ না হয়। এই দোয়াই করি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাকে ও আমার ছেলেকে সুস্থ করেছেন।”
এদিকে করোনামুক্ত হলেও শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন শাবনূর। তিনি বলেন,“ ‘শুনেছি, করোনামুক্ত হওয়ার মাস ২-৩ পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তার বলেছেন খাওয়াদাওয়া করতে। আপাতত তাই, কোনো ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছি-দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি।”
বাংলা সিনেমায় রাজ্জাক-কবরির পর সবচাইতে জনপ্রিয় হিসেবে সালমান শাহ -শাবনুর জুটিকে বিবেচনা করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে শাবনুর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। নব্বই দশক থেকে ঢাকাই ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দেশের প্রথম সারির নায়িকা হিসেবে ২০১০ সাল পর্যন্ত টানা অভিনয় করেন এ তারকা।
১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি।