গানে-কৌতুকে রূপালি পর্দা মাতানো টেলি সামাদের জন্মদিন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৩, ০৩:২০ পিএম

গানে-কৌতুকে রূপালি পর্দা মাতানো টেলি সামাদের জন্মদিন

আবদুস সামাদ, যার নাম টেলি সামাদ দিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন। কৌতুক অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে এক নামে তাঁকে সবাই চিনলেও তিনি গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবেও বেশ খ্যাতি পেয়েছিলেন। চার দশকের অভিনয় জীবনে ৬০০টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যার অধিকাংশতেই কৌতুকের মাধ্যমে মানুষের মনে আনন্দ জুগিয়েছেন।

৮ জানুয়ারি টেলি সামাদের জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশি চলচ্চিত্রের এই শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৭৩ সালে পরিচালক নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন টেলি সামাদ। ‘পায়ে চলার পথ’ ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। শেষ কাজ করেছিলেন অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ছবিতে।

প্রযোজক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। নিজের জন্য গল্প বেছে প্রযোজনা করেছেন ‘দিলদার আলী’ সিনেমাটি। ১৯৮০ সালে মুক্তি পেয়ে সাফল্যও পায় কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা। এতে নায়ক হিসেবে দর্শকদের সাধুবাদ পেয়ে ‘মনা পাগলা’ সিনেমাতেও নায়ক হন তিনি।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘অবাক পৃথিবী’, ‘মণিহার’, ‘মতিমহল’, ‘মা’, ‘আগুনের আলো’, ‘পাগলা রাজা’, ‘ফকির মজনুশাহ’, ‘তুফান’, ‘নয়নের চাঁদ’, ‘মাটির ঘর’, ‘ঘর সংসার’, ‘শেষ উত্তর’, ‘জীবন মৃত্যু’, ‘মান অভিমান’, ‘নেপালী মেয়ে’ ইত্যাদি। 

tele samad 1

টেলি সামাদ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। মুন্সীগঞ্জে মঞ্চনাটক করতেন তিনি। মঞ্চের সামনে থাকা দর্শকদের করতালির শব্দই মঞ্চের এই তুখোড় অভিনেতাকে পর্দায় নিয়ে আসে।

অভিনয়ের বাইরে ৫০টি চলচ্চিত্রে গানও গেয়েছেন তিনি। ‘মনা পাগলা’ চলচ্চিত্রে সংগীত পরিচালনাও করেন তিনি।

গত শতকের সত্তরের দশক থেকে নাটক-চলচ্চিত্র সবক্ষেত্রে টেলি সামাদের দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে দারুণভাবে। নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রেখেছিলেন তিনি। ২০১৯ সালের ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন এই গুণী অভিনয়শিল্পী।

Link copied!