ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। একান্ত গোপনে চুপিসারে বেশ কিছুদিন আগেই পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। এই বিয়ের কথা জানা গেছে ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়া ছবি থেকে। যেখানে সবার সঙ্গে ছিলেন ফারিয়ার স্বামীও।
ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। যেখানে নীল পাঞ্জাবি পরা যুবক তার বর। যাকে নিয়ে বিভিন্ন ক্যাপশনে ছবি পোষ্ট করা হয়েছে। বেশ কয়েকটি ছবি শেয়ার করলেও ফারিয়া তার স্বামীর নাম উল্লেখ করেননি। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টা হয়ত একান্ত নিজের করেই রাখতে চাইছেন তিনি।
এর আগে ফারিয়ার নতুন প্রেমের গুঞ্জন ছড়ায়। কিন্তু তখনও এসব নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। তবে ঈদের এই ছবিগুলো দেখে ধরেই নেওয়া হচ্ছে মানুষটিই বর্তমানের স্বামী।
উল্লেখ্য, হারুনুর রশীদ অপুর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের পর আংটি বদল করেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হয় তাঁদের। বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। তখন ফারিয়া বিচ্ছেদের বিষয়ে স্পষ্ট করে কাউকে কিছুই বলেননি। পরবর্তীতে জানান, সম্পর্কের তিক্ততা থেকেই পারস্পরিক সম্মতিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।