নভেম্বর ৮, ২০২২, ১১:১৭ এএম
ঢাকার মঞ্চে নাচবেন এই আশা নিয়ে অনেক উচ্ছসিত ছিলেন নোরা ফাতেহি। কিন্তু সে আশা শেষ পর্যন্ত পূরণ হলো না তার। ঢাকায় আসার ৫টি শর্তে ঢাকায় আসার অনুমতি পেলেন বলিউড তারকা নোরা ফাতেহি। নোরা ফাতেহির বাংলাদেশ সফরে আর কোনো আইনি জটিলতা নেই। ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন তিনি।
সোমবার (৭ নভেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠিতে বলা হয়েছে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলো।

চিঠিতে দেয়া ৫টি শর্তের একটিতে বলা হয়েছে, আগামী ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতীত) নোরা ফাতেহিকে বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ ঢাকার কোনো মঞ্চে নোরার নাচের মোহে মাতোয়ারা হওয়ার সুযোগ পাচ্ছেন না দর্শকরা।

এর আগে একই প্রতিষ্ঠানের ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীর। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় তখন তাকে আসার অনুমতি দেয়নি। ডলার সংকটের কারণে বাইরের শিল্পীদের দেশে আসার অনুমতি দেয়া হয়নি তখন।
এর আগে ভিডিওবার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’

দিলবার, ও সাকি সাকি আইটেম গানগুলো দিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠা শিল্পী নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেও নজর কেড়েছেন সবার। সেগুলোর মধ্যে রয়েছে- ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’, স্ট্রিট ড্যান্সার থ্রিডি প্রভৃতি। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। তেলেগু, মালয়ালাম আর তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি ছিলো জাঁকালো। সর্বশেষ চমক দেখান ফিফা-বিশ্বকাপ আসরের থিম সং-এ অংশ নিয়ে।