বাংলাদেশের শোবিজে করোনা আক্রান্তের তালিকা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি বিবেচনা করে নতুন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি। সমিতির সদস্যদের স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করবে নতুন কমিটি। নির্ধারিত চার হাসপাতালে সমিতির সদস্যদের চিকিৎসায় থাকবে বিশেষ সুবিধা।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটিতে সভাপতি পদে সোহানুর রহমান সোহান এবং মহাসচিব পদে শাহীন সুমন দায়িত্ব নিয়েছেন। পরিচালক সমিতির এই নতুন কমিটি ইতোমধ্যে সদস্যদের বেশ কয়েকটি সমস্যা নিয়ে কাজ শুরু করেছে। সেই অনুসারেই পরিচালক সমিতির সদস্যদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এই কমিটি। চুক্তিবদ্ধ হয়েছে চারটি হাসপাতালের সাথে। হাসপাতালগুলো হচ্ছে: এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতাল, ইমপালস হাসপাতাল এবং অ্যাডভান্স হাসপাতাল। নির্ধারিত এই হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার জন্য বিশেষ সুবিধা পাবেন সমিতির সদস্যরা।
পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, 'চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা এবারের লকডাউনের আগ মুহুর্তে হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সকল কথাবার্তা শেষ করে নিয়ে এসেছিলাম। কিন্তু লকডাউনের কারণে লিখিত চুক্তি করতে পারিনি। তবে মৌখিকভাবে তারা আমাদের পরিচালকদের করোনার চিকিৎসা সেবায় অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।' জানা গেছে, স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিচালক সমিতি থেকে আর্থিকভাবে অস্বচ্ছল সদস্যদের জন্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া শাহীন সুমন আরও বলেন, 'আসলে আমাদের সমিতির ফান্ডে তো ওইভাবে কোন টাকা পয়সা নেই। এরপর যতটুকু আছে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যবস্থা করে যারা এ সময়ে নানাভাবে সমস্যায় ভুগছেন তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এটা ঠিক সাহায্য না বলে আমরা উপহার বলতে চাই।'