চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নির্ধারিত তারিখেই

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২২, ০৬:১৯ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নির্ধারিত তারিখেই

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা আবেদনে স্থগিতাদেশ দেননি হাইকোর্ট। এর ফলে নির্ধারিত ২৮ জানুয়ারি তারিখেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের অভিযোগ শুনবেন আদালত।

বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।হাইকোর্টের রুলে আরও ৮৭ জন বাদ পড়া শিল্পীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে, আবেদনকারী শিল্পীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের আবেদনের শুনানিও চলছে।

আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। পরিচালক সোহানুর রহমান সোহান থাকছেন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে।

আসছে শিল্পী সমিতির নির্বাচনের দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

Link copied!