চলে গেলেন বলিউড নায়ক রাজীব কাপুর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০৬:৫৯ পিএম

চলে গেলেন বলিউড নায়ক রাজীব কাপুর

বছর না ঘুরতেই আবারও শোকের ছায়া নেমে এসেছে বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি ’খ্যাত কাপুর পরিবারে। গত বছর ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠার আগেই চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর।

মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজীবের মৃত্যু হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। তার বয়স হয়েছিল ৫৮। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর-সহ বলিউডের অন্যান্য তারকারা।

টুইট বার্তায় রণধীর কাপুর জানান, ‘আমি আবার আমার ছোট ভাইকে হারালাম। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন রাজীবকে বাঁচানোর। কিন্তু শেষরক্ষা করতে পারিনি।’

পরিবারের ঐতিহ্য মেনেই বলিউডে নিজের ক্যারিয়ার গড়েছিলেন রাজীব কাপুর। দর্শক তাকে সবচেয়ে বেশি মনে রেখেছেন কালজয়ী ছবি ‘রাম তেরি গঙ্গা মৈলি’-তে অভিনয়ের জন্য।

১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন রাজীব কাপুর। ১৯৮৫ সালে বাবা রাজ কাপুরের পরিচালনায় ‘রাম তেরি গঙ্গা ময়লি’-তে অভিনয়ের মাধ্যমে খ্যাতির শীর্ষে আসেন। এরপর লাভার বয় (১৯৮৫), আসমান (১৯৮৪), জবরদস্ত (১৯৮৫), হাম তো চলে পরদেশ (১৯৮৮) জিম্মেদার (১৯৯০)-সহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জিতে নেন ঋষি  ও রণধীরের ছোট ভাই।

তবে ১৯৯০ সালের পর অভিনয় থেকে সরে আসেন রাজীব কাপুর। এরপর পুরোপুরিভাবে সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজ শুরু করেন। প্রযোজক হিসেবেও একাধিক সিনেমা করেছেন। বলিউডে তিনি 'চিম্পু' নামেই পরিচিত।

Link copied!