জনপ্রিয় অভিনেতা মান্না ২৪ বছরের ক্যারিয়ারে ছবিতে অভিনয় করেছেন তিন শতাধিকেরও বেশি। পুরুষ্কারও পেয়েছেন বেশ কিছু। আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। সিনেমা জগতে পরিচিতি পান মান্না নামে।
নায়ক মান্না অভিনীত জনপ্রিয় সিনেমা ‘আম্মাজান’ বাংলাদেশের ব্যবসাসফল সিনেমার মধ্যে একটি। এই সিনেমা দিয়ে অর্জন করেছেন সেরা অভিনেতার পুরুষ্কার। ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে ছাড়া ১৩ বছর কেটে গেছে সিনেমা জগতের। ক্যারিয়ারের শুরুটা হয়েছিলো ১৯৮৪ সালে। কিন্তু নায়ক হিসেবে পরিচিতি পান ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘কাশেম মালার ফুল’ সিনেমাটি দিয়ে। তার দুর্দান্ত অভিনয়, কন্ঠ এবং সকল চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার দক্ষতার জন্য গণমানুষের নায়ক হয়ে উঠেছিলেন তিনি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাজত্ব করে গেছেন ঢালিউডে।
তার জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে রয়েছে, ‘দাঙ্গা’,‘কাসেম মালার প্রেম’,‘আম্মাজান’,‘শান্ত কেন মাস্তান’,‘বীর সৈনিক’,‘অবুঝ শিশু’,‘সাজঘর’,‘উত্তরের খেপ’,‘কাবুলিওয়ালা’,‘সিপাহী’,‘পাগলী’,‘ত্রাশ’,‘জনতার বাদশা’,‘লাল বাদশা’, ‘সিটি টেরর’,‘মায়ের মর্যাদা’,‘মা-বাবার স্বপ্ন’,‘হৃদয় থেকে পাওয়া’,‘মনের সাথে যুদ্ধ’ সহ আরো অনেক।
আর আজ এই চিত্রনায়কের ১৩-তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আকাশছোঁয়া জনপ্রিয়তায় থাকাকালীন আকস্মিকভাবে না ফেরার দেশে চলে যান মান্না। জানা গেছে, দিনটির স্মরণে আজ মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্নার নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। রাজধানীর উত্তরার বাসায় মান্নার জন্য কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।