চিত্র পরিচালক কাজল আরেফিন মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২২, ০৭:৪১ পিএম

চিত্র পরিচালক কাজল আরেফিন মারা গেছেন

চিত্র পরিচালক কাজল আরেফিন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশির দশকের সাড়া জাগানো সিনেমা ‘সুরুজ মিয়া’-র পরিচালক ছিলেন। এ ছাড়া আরও অনেক জনপ্রিয় সিনেমায় সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুরুজ মিয়া সিনেমার নায়ক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান।

তারিক আনাম খান বলেন, ‘অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তাঁর মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

সুরুজ মিয়া সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এ ছাড়া অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

kalerkantho

সুরুজ মিয়া সিনেমার একটি দৃশ্য

কাজল আরেফিন সুরুজ মিয়া ছাড়াও বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপী এখন ট্রেনে’‘ভাত দে’।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘদিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। গত মার্চে তিনি স্ত্রীকে নিয়ে দেশে আসেন। 

Link copied!