চিত্র পরিচালক মনোয়ার খোকন মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০২:৩৬ এএম

চিত্র পরিচালক মনোয়ার খোকন মারা গেছেন

‘স্বামী কেন আসামি’ ছবির পরিচালক মনোয়ার খোকন মারা গেছেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন তিনি ডায়াবেটিস, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। খোকন স্ত্রী এবং দুই মেয়ে রেখে গেছেন। আজ দুপুরে উত্তরার ৪ নম্বর সেক্টরে তাকে দাফন করা হয়েছে।

প্রায় দুই বছর আগে খোকনের কিডনিতে সমস্যা ধরা পড়ে। তারপর থেকে বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর ছয় মাস আগে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সেই হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, মনোয়ার খোকনের পরিচালনায় 'স্বামী কেন আসামী' ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পেয়ে ৭ কোটি টাকার ওপরে ব্যবসা করেছিল ।

এই পরিচালকের সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এ এম আওয়াল মিন্টু। এই পরিচালক জানান, শাবানা, মান্না, মৌসুমী, শাকিব খানের মতো বড় বড় তারকাকে নিয়ে কাজ করেছেন মনোয়ার। নির্মাতা হিসেবে রুচিসম্মত ছবি বানানোই ছিল তার স্বপ্ন। তার বেশির ভাগ ছবিই ছিল পরিবার নিয়ে দেখার মতো। তিনি বলেন, ‘মনোয়ার ভাইয়ের সঙ্গে মাঝেমধ্যেই কথা হতো। গত ছয় মাস তিনি বিছানায় পড়ে ছিলেন। এই সময়ের ছবি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করতেন। এখন সবাই ছুটে টাকার পেছনে। মনোয়ার ভাই ছুটতেন কাজের পেছনে। এ জন্য বড় তারকারা তার ছবি প্রযোজনা করতেন। তারা খোকন ভাইয়ের ছবিতে অভিনয় করতে চাইতেন। চলচ্চিত্রপ্রেমী এমন একজন নির্মাতার চলে যাওয়া আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি।’

Link copied!