বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাহীন আলম আর নেই। সোমবার (৮ মার্চ) রাত ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ফেসবুক স্ট্যাটাসে শাহীন আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনেতা শাহীন আলম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন । গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা শাহীন আলম।
শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার জ্বর আসে। আর শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।
মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু করেন শাহীন আলম। ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের কান্না’, যেটি ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল।এরপর আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।
পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতার সময় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেতা। চলচ্চিত্র ছেড়ে ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।