চিরনিদ্রায় শায়িত হলেন কবরী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২১, ০২:৫৩ পিএম

চিরনিদ্রায় শায়িত হলেন কবরী

রাজধানীর বনানীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী। এর আগে, রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে জানাজার জন্য বনানীতে নেওয়া হয় তাকে। জানাজা শেষে বনানীর কবরস্থানে দাফন করা হয়েছে বাংলা চলচ্চিত্রের এই প্রখ্যাত অভিনেত্রীকে।এরই মধ্য দিয়ে ঢালিউডে ‘মিষ্টি মেয়ে’ নামের অধ্যায়ের সমাপ্তি ঘটলো। কিংবদন্তি এই অভিভাবককে হারিয়ে শোকাহত ঢালিউড অঙ্গন।

টানা ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ শনিবার বাদ জোহর কবরীকে দাফন করা হয় বনানীর কবরস্থানে যেখানে বাংলা চলচ্চিত্রের নায়করাজ হিসেবে পরিচিত রাজ্জাকও শায়িত আছেন।

ঢালিউড চলচ্চিত্রে অন্যতম নক্ষত্র এবং সৌন্দর্যের প্রতীক কবরী। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। সুভাষ দত্ত পরিচালিত ও অভিনীত 'সুতরাং' ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নায়িকা কবরীর আবির্ভাব, মিনা পাল নাম বদলে প্রথম ছবিতেই কবরী হিসেবে তার আত্মপ্রকাশ ও বাঙালির হৃদয় জয়ের যাত্রা শুরু। 'সুতরাং' ছবিতে ১৪ বছর বয়সে মিনা পাল নামের এক কিশোরী তার ভুবন ভোলানো হাসির যে অচ্ছেদ্য মায়ায় বেঁধেছিলেন এ দেশের সিনেমা দর্শকদের। ১৯৬৪ সালের ২৪ এপ্রিল মুক্তি পায় ছবিটি। সেই অভিনয় দিয়ে এখন পর্যন্ত সকলের মনে রয়ে গেছেন কবরী।  

Link copied!