ছেলেকে দেখতে অসুস্থতা নিয়েই হাসপাতাল ছাড়লেন শাবনূর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ০৯:৫৫ এএম

ছেলেকে দেখতে অসুস্থতা নিয়েই হাসপাতাল ছাড়লেন শাবনূর

করোনার উপসর্গ এখনও আছেই, শরীরও ভীষণ দুর্বল। তারপরও হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে হয়েছে চিত্রনায়িকা শাবনূরকে। কারণ, একমাত্র ছেলে আইজান নেহানও করোনায় আক্রান্ত। 

বাসায় অসুস্থ ছেলেকে একা রেখে হাসপাতালে মন টিকছিল না। তাই অসুস্থ শরীর নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন শাবনূর।

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি গেল বছরের শেষ দিকে জানা যায়। অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

শাবনূর বলেন, “চিকিৎসকেরা জানিয়েছিলেন আরও কয়েকটি দিন থাকতে। কিন্তু কিচ্ছু ভালো লাগছিল না। ছেলেটা আমার অসুস্থ, যদিও বাসায় আমার আম্মা আছেন, তারপরও...। বাসায় এসে মা–ছেলে দুইজন দুই রুমে আইসোলেশনে আছি, কারণ আইজানের সমস্যাটা একটু কম। শান্তি লাগছে, ছেলেটা চোখের সামনেই আছে।”

২৯ ডিসেম্বর ছিল শাবনূরের ছেলে আইজান নেহানের জন্মদিন। সেদিন করোনা আক্রান্ত শাবনূর ছিলেন হাসপাতালের বিছানায়। আর করোনা আক্রান্ত ছেলে বাসায়। এ নিয়ে ফেসবুকে শাবনূর লিখেছিলেন, “ছেলের জন্মদিনে হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন।”

Link copied!