জায়েদ থেকে নিপুন, এফডিসি নির্বাচনের আদ্যপান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২২, ১১:২৬ পিএম

জায়েদ থেকে নিপুন, এফডিসি নির্বাচনের আদ্যপান্ত

বহুল আলোচনার মধ্য দিয়ে ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি আর জায়েদ খান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন। কিন্তু ফলাফল বিরোধিতা করেছে অপর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। নির্বাচনী ফলাফলে অসন্তোষ প্রকাশ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।

সেই আপিলের প্রেক্ষিতে আজ শনিবার সন্ধ্যায় এফডিসিতে বসে শিল্পী সমিতির আপিল বোর্ড। বিকাল ৪ টার দিকে এ মিটিং হওয়ার কথা থাকলেও পোনে ৫টার দিকে পরিচালক সমিতির রুমে বসে আপীল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, সদস্য মোহাম্মদ ও  সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুন।

এতো দেরি হওয়ার কারণ জানতে চাইলে আপীল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “আমরা পৌনে ১ ঘণ্টা বিবাদী জায়েদের জন্য অপেক্ষা করছি। কিন্তু তিনি না আসায় আমরা বাদী নিপুণকে নিয়েই বসেছি।”

মিটিং শেষে শিল্পী সমিতির মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়।

সোহান বলেন, “জায়েদ খানের বিরুদ্ধে কতগুলো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার পদ বাতিল করা হয়েছে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়।”

রায় শেষে নিপুণ বলেন, “সত্যের জয় হয়েছে। এ জয়ের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি।”

জায়েদ খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “আমি এখন মানসিকভাবে অসুস্থ। তাই এখন কোন মন্তব্য করবো না। কাল সকালে কোর্টে যাব। কখন যাব জানিয়ে দেয়া হবে।”

অভিযোগ পত্রে বলা হয়,

১. নির্বাচনী তফসিলের ১১ নাম্বার অনুচ্ছেদ মোতাবেক ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচন কমিশনার ২৯ জানুয়ারি ভোর পাঁচটায় ফলাফল ঘোষণা করেছেন, যা নির্বাচনী তফসিল পরিবর্তন এবং বিধিবহির্ভূত।

২. চেয়ারম্যান নির্বাচন কমিশন পীরজাদা শহিদুল হারুন বিষয়টি আমলে না নিয়ে একতরফা সিদ্ধান্ত দিয়েছেন।

৩. ২০২২-২০২৪ এর জন্য গঠিত নির্বাচন কমিশনের দুই সদস্য মৌখিকভাবে জানিয়েছেন বিভিন্ন প্রার্থী ও ভোটারদের অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান, নির্বাচন কমিশন পীরজাদা শহীদুল হারুন বিষয়টি আমলে না নিয়ে এক তরফা সিদ্বান্ত নেন।

৪. প্রধান নির্বাচন কমিশনারের বিপক্ষেও আনা হয় পক্ষপাতদুষ্টতার অভিযোগের মধ্যেই চলচ্চিত্র শিল্পকেন্দ্রিক বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

৫. দুজন ভোটার জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহেদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেবার জন্য নগদ অর্থ প্রদান করেছেন।

৬. এছাড়া আরও বেশ কয়েকজন তাদের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ দেন।

৭. অভিযোগ আসার পরও নির্বাচন কমিশন সাধন পীরজাদা শুভদিন হারুন বিষয়টি আমলে না নিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার পক্ষপাতদুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এসব অভিযোগের বিষয়গুলো নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দিকনির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান এবং চুন্নুর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে।

জায়েদ খানের প্রার্থিতা বাতিল হওয়ায় ওপর সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৩ ভোট পেয়ে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী চুন্নুর প্রার্থিতা বাতিল হওয়ায় এই পদে ১৭৯ ভোট পেয়ে নাদির খানকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত ঘোষণা করেছে।

Link copied!