জায়েদ, না নিপুন কে হচ্ছেন সাধারণ সম্পাদক জানা যাবে বুধবার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৮:০৬ পিএম

জায়েদ, না নিপুন কে হচ্ছেন সাধারণ সম্পাদক জানা যাবে বুধবার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানি হয় বলে তথ্য নিশ্চিত করেছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, ‘আজ আদালতে শুনানি হয়েছে। আদালত ২ মার্চ (বুধবার) এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। তবে আদেশের আগে বুধবার আংশিক শুনানি হতে পারে।’

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পর দিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। 

 

Link copied!