চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে তিনি লেখেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’
জনপ্রিয় এই অভিনেতা সাড়ে আটশ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।পাশপাশি দোর্দন্ড প্রতাপে কাঁপিয়েছেন টেলিভিশনের পর্দাও। দাপিয়ে বেড়িয়েছেন সারা দেশের যাত্রা ও মঞ্চনাটকে।স্বীকৃতি হিসেবে পেয়েছেন শিল্পকলা একাডেমীসহ নানা পুরস্কার।
আমির সিরাজির শুরুটা হয়েছিল গ্রামীণ জনপদের প্রিয় যাত্রাপালা দিয়ে। তবে বাংলার নবাব চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। গুণী পরিচালক ইবনে মিজানের পাতাল বিজয় ছবির মাধ্যমে প্রথম বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৮৫ সালে আমির সিরাজীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি মতিন রহমানের রাধাকৃষ্ণ বেশ ব্যবসা সফল হয়েছিল। তিনি ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন।
১৯৫১ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্ম নেওয়া এই অভিনেতার পরিবারের সবাই তাকে আদর করে ডাকতেন কালু বলে। যাত্রা গুরু মীর মোনায়েম সালেহীন সুবলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নাম লিখিয়েছেন যাত্রা দলে। অভিনয়ের নেশায় বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়িয়েছেন বাংলার আনাচে-কানাচে যাত্রাপালা নিয়ে।