জ্বর থাকায় সালওয়াকে আসতে নিষেধ করেছিলেন কবরী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২১, ০২:০৮ পিএম

জ্বর থাকায় সালওয়াকে আসতে নিষেধ করেছিলেন কবরী

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র তিনি। কিন্তু করোনার সাথে লড়াই করে বিজয়ী হতে পারেননি ‘মিষ্টি মেয়ে’ খ্যাত এই অভিনেত্রী। করোনার কাছে হেরে বিদায় নিলেন বরেণ্য অভিনেত্রী কবরী।

দীর্ঘ সময়ের অভিনয় জীবন শেষ পরিচালনা শুরু করেছিলেন কবরী। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’। গত ফেব্রুয়ারিতেই শেষ হয়েছিল সিনেমার শ্যুটিংয়ের কাজ। বাকি ছিল ডাবিংয়ের কাজ। সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। নায়িকা সালওয়া ‘বুবুজান’ নামের সিনেমার শ্যুটিংয়ের জন্য চাঁদপুর যাবেন বলে তার ডাবিংয়ের অংশ আগেই শেষ করতে চেয়েছিলেন কবরী। তাই গত ২৪ মার্চ সালওয়ার ডাবিংয়ের কাজ সম্পন্ন করেন কবরী। চাঁদপুর থেকে ফিরে কবরী সাথে দেখা করতে চাইলে সালওয়াকে আসতে মানা করেন তিনি।

সেই দিনের কথা মনে করে সালওয়া বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না। কবরী আপার এটা ছিল স্বপ্নের প্রজেক্ট। আমাকে বললেন, "সালওয়া এটা আমরা প্রথমেই একটা উৎসবে পাঠাবো। তারপরেই মুক্তি দেব। এটা দেখো খুবই ভালো একটা ছবি হবে।" সেদিন স্টুডিওতে অনেক আলাপ হলো। অনেক স্বপ্নের কথা বললেন। আমি চাঁদপুর চলে গেলাম। এরপর ফিরে এসে ফোন দিলাম ৫ এপ্রিল। সেদিন একউ অভিমান নিয়েই বললেন, আমাকে তো ভুলেই গেছ। আমি হাসলাম। দেখা করতে চাইলাম। কবরী আপা বললেন, এসো না। আমার জ্বর জ্বর লাগছে। তুমি রেস্ট নাও, আমিও সুস্থ হই। তারপর সিনেমার বাকি কাজগুলো শেষ করবো।'

সালওয়া আরও বলেন, 'একসাথে বসার কথা ছিল। সেটা আর হলো না, সেইসব দৃশ্য গুলো চোখের সামনে ভাসছে। আমি বিশ্বাস করতে পারছি না। আমাকে কবরী আপার ড্রাইভার শহীদুল ভাই খবর দিলেন। আমার কাছে মনে হচ্ছে এটা সত্য নয়, কবরী আপা চলে যেতে পারেন না। আমি তাঁকে খুব কাছে থেকে দেখেছি, তিনি অনেক শক্ত সামর্থ মানুষ; তিনি কেন এভাবে হেরে যাবেন?’

গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী। শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় প্রথমে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। অতঃপর করোনার কাছে হেরে গিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাংসিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর। 'নীল আকাশের নিচে', 'ময়নামতি', 'ঢেউয়ের পর ঢেউ', 'পরিচয়', 'অধিকার', 'বেঈমান', 'অবাক পৃথিবী', 'সোনালী আকাশ', 'অনির্বাণঃ, 'দীপ নেভে নাইসহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আয়নামুক্তি পায়।

Link copied!