ঢাকাই চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে'কে হারানোর এক বছর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০৩:১৭ পিএম

ঢাকাই চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে'কে হারানোর এক বছর

সত্তর ও আশির দশকে বাংলাদেশের গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাও কবরীকে যতটা নিজেদের মানুষ হিসেবে ভাবতে পেরেছিলেন, ততটা হয়তো বাংলাদেশের সিনেমা জগতে অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে পারেননি।

আর সেজন্যেই 'মিষ্টি মেয়ে' নামে দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি।

সেই অভিনেত্রী সারাহ বেগম কবরীকে হারানোর এক বছর পূর্ণ হলো আজ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে ‘দুই জীবন’-এর নায়িকা পাড়ি জমান অনন্তলোকে।

কবরী ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল মিনা পাল। বাবা শ্রীকৃষ্ণদাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল।

১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে প্রথম মঞ্চে উঠেছিলেন কবরী। তারপর টেলিভিশন থেকে সিনেমায় কাজ করেন। বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন ছিলেন কবরী।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু৷ এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক -সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম’ উল্লেখযোগ্য।

Link copied!