তারকাদের ভ্রমণে চটেছেন শ্রুতি হাসান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ১২:৫১ পিএম

তারকাদের ভ্রমণে চটেছেন শ্রুতি হাসান

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনায় আক্রান্তের তালিকায় বড় অংশে রয়েছে বলিউড অঙ্গন। প্রায় প্রতিদিনই সামনে আসে তারকাদের আক্রান্তের খবর। এই নাজেহাল পরিস্থিতিতে ছুটি কাটাতে বিলাসভ্রমণে যাচ্ছেন বেশ কিছু তারকারা। এই ভ্রমণ নিয়েই চটেছেন অভিনেত্রী শ্রুতি হাসান।

করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় লকডাউনে ঘরবন্দী সবাই। কোন কাজ না থাকায় ছুটি কাটাতে অন্য দেশে পাড়ি দিচ্ছেন বলিউড তারকারা। কেউ যাচ্ছেন মালদ্বীপে আবার কেউ যাচ্ছেন গোয়াতে। সেই তালিকায় জাহ্নবী কাপুর, দিশা পাটানি, টাইগার, আলিয়া ভাট, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, রোহান শ্রেষ্ঠা, সারা আলী খানসহ বেশ কিছু বলিউড তারকা রয়েছে। এ নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকারও হচ্ছেন তারা। তবে এবার নেটজনতাদের পাশাপাশি ক্ষেপেছেন শ্রুতি হাসান। বলিউড তারকাদের এমন বিলাসভ্রমণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেছেন, 'আমি কাউকে “জাজ” করতে চাই না। কিন্তু দেশে মহামারির প্রকোপ ক্রমেই বেড়েই চলেছে। দেশজুড়ে মানুষের আর্তনাদ। দেশের এই অস্থির সময় ছুটি কাটানো অসংবেদনশীল।’ তিনি আরও বলেছন, ‘আমি খুশি যে ওরা ছুটি কাটাতে গেছে। ওদের এই অধিকার আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা সঠিক সময় নয়, মাস্কছাড়া আপনি পুলে যাবেন। সমুদ্রতটে আপনি হইহুল্লোড় করবেন। কিন্তু মনে রাখা দরকার এটা আমাদের সবার জন্য এক কঠিন সময়।’

এর সাথে শ্রুতি হাসান যোগ করে বলেন, ‘আমি বিশ্বাস করি যে আপনার কাছে যে বিশেষ অধিকার আছে, সে জন্য সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই কঠিন পরিস্থিতিতে আপনি যা যা সুবিধা পাচ্ছেন, তা জনসমক্ষে তুলে না ধরাই বাঞ্ছনীয়।’ এছাড়াও এই অভিনেত্রী জানান, তার বন্ধুরা ভ্রমণ নিয়ে পরিকল্পনা করেছিলেন। কিন্তু তিনি সেই পরিকল্পনায় একমত হননি।

প্রসঙ্গত, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রভাসের সঙ্গে শ্রুতিকে ‘সালার’ ছবিতে দেখা যাবে। এদিকে তেলেগু ছবি ‘পিট্টা কাথালু’তে দেখা যাবে তাকে। এরপর রাজনৈতিক থ্রিলারধর্মী তামিল ছবি ‘লাবাম’-এ অভিনয় করছেন তিনি। এছাড়াও শ্রুতি হাসানের হাতে এখন বেশ কয়েকটা প্রকল্প আছে।

Link copied!