তিন বছর পর ফিরছেন অপু বিশ্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২১, ০৬:২০ পিএম

তিন বছর পর ফিরছেন অপু বিশ্বাস

ব্যক্তিগত জীবন এবং নানান কারণে তিন বছরের মধ্যে বড় পর্দায় দেখা মেলেনি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের। তিন বছরের বিরতির পর আবারও ফিরছেন তিনি, কলকাতার সিনেমা দিয়ে। সিনেমার নাম ‘শর্টকাট’। খুব দ্রুত মুক্তি পাবে তার প্রথম ‘কলকাতাইয়া’ সিনেমা। পরিচালনা করেছেন সুবীর মন্ডল। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে নির্মিত এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সম্প্রতি অপু তার অংশের ডাবিংও শেষ করেছেন।

apu
সবকিছু ঠিক থাকলে এ বছরই বড় পর্দায় আসবে অপুর তিন তিনটি সিনেমা। ছবি: সংগৃহীত

তার সর্বশেষ সিনেমা ‘পাংকু জামাই’ ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো। এরপর ছিলো বিরতি। সিনেমা মুক্তির তারিখ এখনও জানানো হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি কলকাতায় গিয়ে ডাবিংয়ের কাজ শেষ করে এসে স্বস্তিতে আছেন অপু বিশ্বাস।  

‘শর্টকাট’ সিনেমায় অপুর সহশিল্পী হিসেবে আছেন পরমব্রত চ্যাটার্জি, রেবেকা, গৌতম সাহা, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ। অপু জানিয়েছেন, কলকাতার পাশাপাশি ‘শর্টকাট’ বাংলাদেশেও মুক্তি পাবে। সাফটা চুক্তির আওতায় ছবিটি এ দেশে মুক্তি দেওয়া হবে। তবে এখনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চুক্তি হয়নি।

চলতি মাসে অপু বিশ্বাস অভিনীত শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রিয় কমলা’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সাথে মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি। বলা যায় সবকিছু ঠিক থাকলে এ বছরই বড় পর্দায় আসবে অপুর তিন তিনটি সিনেমা।

Link copied!