‘যারা প্যাশন দ্বারা চালিত হন, তাদের কখনও থামানো যায় না।’ ইনস্টাগ্রামে দেয়া শেষ পোস্টে কখনো থেমে না যাওয়ার মনোবল প্রকাশ করার কয়েক ঘণ্টা পরই এলো ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (২০) মৃত্যুর খবর। মুম্বাইয়ে সিরিয়ালের শুটিং সেটে নিজের মেকআপ রুম থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। চিকিৎসকরা জানান, মারা গেছেন তুনিশা। তুনিশার দেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
২০১৫ সালে ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ হিন্দি সিরিয়ালে চাঁদ কাঁওয়ারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী তুনিশা। এরপর ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। এছাড়া, ‘চক্রবর্তী অশোক সম্রাট’ ধারাবাহিকে রাজকুমারী অহংকারার চরিত্রে জনপ্রিয়তা পান। কালারস টিভির ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ সিরিয়াল দিয়ে দর্শকের মন জয় করেন তিনি।
পরের বছরই বলিউডে অভিষেক হয় তুনিশার। ‘ফিতুর’ ছবিতে ক্যাটরিনার ছোটবেলার চরিত্রে অভিনয়ের করেন তুনিশা। এরপর ‘বার বার দেখো’, ‘কাহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এ অভিনয় করেন তুনিশা। পাশাপাশি চলতে থাকে হিন্দি সিরিয়ালে অভিনয়ও।
ক্যারিয়ার এমন উজ্জ্বল অবস্থায় তুনিশার এমন মৃত্যু বিস্মিত করে দিয়েছে টেলিদুনিয়াকে। তুনিশার ঘনিষ্ঠরা জানাচ্ছেন, অত্যন্ত হাসিখুশি এই অভিনেত্রীর মাঝে কখনো মানসিক অবসাদ দেখা যায়নি। তিনি এভাবে চলে যাবেন, ভাবতেও পারেননি কেউ। তাঁর মৃত্যুর খবর শুনে স্তম্ভিত সহকর্মীরা।
এভাবে মৃত্যুর কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। অনেকে বলছেন সোশ্যাল মিডিয়াতে দেয়া শেষ পোস্টে কি এমনই কোনো বার্তা দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী?