জুলাই ১৩, ২০২২, ১১:২০ পিএম
ঈদুল আজহা উপলক্ষে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত 'দিন : দ্য ডে' চলচ্চিত্র দেখে যে কোনো পরিচালকের জন্য গল্পের প্রয়োজনে এমন লোকেশনে কাজ করা ভাগ্যের ব্যাপার বলে মনে করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ঈদের চতুর্থ দিন সিনেমাটি দেখেছেন তিনি। এরপর নিজের অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই নির্মাতা।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্টে চয়নিকা বলেন, “অসম্ভব এক ভয়ংকর খারাপ সময় কাটাচ্ছি। সম্প্রতি শর্মিলী মায়ের চলে যাওয়া একদম বদলে দিয়েছে আমাকে। কোন কিছুই ভালো লাগছেনা। প্রতি ঈদে আমি হলে গিয়ে সিনেমা দেখি। সব সিনেমা দেখি।”
'পরাণ' সিনেমার টিকিট না পেয়ে এই নির্মাতা বলেন, “ঈদের পরদিন ভেবেছিলাম রায়হান রাফীর 'পরাণ' দেখবো। কিন্ত পর পর তিনদিন আমার টিম এবং পরিবার জানালো পরাণের টিকিট নেই। ভালো লাগলো খুব। আশা করি কাল পরাণ দেখবো। টিকিট কাটা হয়েছে।”
'দিন : দ্য ডে' দেখে উচ্ছ্বসিত চয়নিকা। তিনি বলেন, অবশেষে দেখে এলাম অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত 'দিন : দ্য ডে'। আমার ব্যাক্তিগত অনুভূতি থেকেই লিখছি। দেখলাম এন্টারটেইনিং একটি সিনেমা। অনেক এরেঞ্জমেন্টাল, দারুণ লোকেশনের, সুন্দর গানের একটি সিনেমা। যে কোন পরিচালকের জন্যে গল্পের প্রয়োজনে এমন লোকেশনে কাজ করা ভাগ্যের ব্যাপার। অনেক দর্শক ছিল।
তিনি আরও বলেন, এমন সিনেমা মানুষ দেখতে চায়। অনেক ব্যয় বহুল সিনেমা। আপনারা চাইলে হলে গিয়ে দেখে আসতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্র দেখলে, বাংলা সিনেমার জয় হবে। মানুষকে বড় করলে আপনি ঠকবেন না।
প্রসঙ্গত, এই ঈদে তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’, নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ ও অনন্য মামুনের ‘সাইকো’। সিনেমাগুলোর মধ্যে হলসংখ্যায় এগিয়ে ‘দিন: দ্য ডে’, দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এরপর মাত্র ১১টি হলে ‘পরাণ’ এবং ১৭ টি হলে ‘সাইকো’।