দিপীকার সাথে যেখানে পিছিয়ে রনবীর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৬:১৪ পিএম

দিপীকার সাথে যেখানে পিছিয়ে রনবীর

দীপিকা ও রণবীর—দুজনই অভিনয়শিল্পী। তবু রণবীর শ্বশুরবাড়ি গেলে মোটেও বিনোদন দুনিয়া নিয়ে কোনো আড্ডা হয় না। হয় না সিনেমা নিয়ে কোনো কথা। সেখানে যত দিন থাকেন, রণবীরের সময় কেটে যায় খেলাধুলা করে। জানেন তো তাঁর শ্বশুর কে? রণবীর সিংয়ের শ্বশুর প্রকাশ পাড়ুকোন ভারতের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে অন্যতম।

তাঁর শ্যালিকা অনিসা পাড়ুকোনও নামকরা গলফার। এমনকি দীপিকাও জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন। এমন পরিবারে গেলে কি আর খেলার বাইরে অন্য বিষয় নিয়ে আড্ডা হয়? অবশ্য খেলার জগতের প্রতি রণবীরে আগ্রহ পুরোনো। প্রায়ই তাঁকে দেশ-বিদেশের খেলার মাঠে বা গ্যালারিতে দেখা যায়। এনবিএ দেখতে আমেরিকায়, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতে ইংল্যান্ডে ছোটেন রণবীর!

একবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, দীপিকার বাবার বাড়িতে গেলে তাঁর স্পোর্টস-প্রেম আরও বেড়ে যায়! রণবীর প্রায়ই শ্বশুরবাড়িতে বেড়াতে যান। জানান, তাঁর শ্বশুরবাড়ির টিভিগুলোয় সারাক্ষণই কোনো না কোনো খেলার চ্যানেল চলে। পরিবারের সদস্যরা টিভিতে কোনো না কোনো খেলা দেখেন।

রণবীরের ভাষায়, ‘বাড়িতে এই পরিবারের মানুষের একটাই অভ্যাস, সবাই একসঙ্গে বসে টিভিতে কোনো লাইভ ম্যাচ দেখা। তা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, অলিম্পিক। আমার শ্যালিকা ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত, এই নিয়ে আমাদের খুব লড়াই চলে। আইপিএলও চর্চা হয়। শ্বশুরবাড়ির সবাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্ত আর আমি মুম্বাই ইন্ডিয়ানসের। আর কিছু লাগে!’

Link copied!