দীঘির প্রথম সিনেমায় দর্শক আটজন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২১, ০১:১১ পিএম

দীঘির প্রথম সিনেমায় দর্শক আটজন

মুক্তির আগেই আলোচনা সমালোচনার মধ্যে ছিলো ‘তুমি আছো, তুমি নেই’। ১২ মার্চ দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং আসিফ ইমরোজসহ প্রমুখ। এই সিনেমার মাধ্যমে নায়িকা হয়ে পর্দায় এসেছেন প্রার্থনা ফারদিন দীঘি। প্রথমে ট্রেইলার এরপর পোস্টার নিয়ে আলোচনায় ছিলো সিনেমাটি। ট্রেইলার দেখে নিন্মমানের সিনেমা বলে দর্শকরা অভিযোগ করেছিলেন। বিষয়টিকে অনেকে প্রচারণার কৌশল হিসেবে ধরে নিয়েছিলেন। এ নিয়ে পরিচালক এবং অভিনেত্রী দীঘির বিতর্ক পুরো সপ্তাহ ধরে চলেছে।

বিভিন্ন কারণে সিনেমাটি সমালোচিত হলেও সিনেমাটি মুক্তির প্রথম দিন আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। সিনেমা মুক্তির দিন হল ছিলো প্রায় শূন্য। ‘তুমি আছো তুমি নেই’ ঢাকার ৬টি হলে প্রদর্শিত হচ্ছে। হলের সেল রির্পোট জানতে গেলে শ্যামলী হলের ম্যানেজার মোহাম্মদ হাসান জানান, সিনেমাটি দেখতে দর্শকের আগ্রহ লক্ষ্য করা যায়নি। তিনি বলেন, ‘নতুন সিনেমা মুক্তি পেলে শুক্র, শনি ও রবিবার দর্শকের একটু চাপ থাকে। এরপর সিনেমা ভালো হলে দর্শকের চাপ বৃদ্ধি পায়; না হলে কমে। কিন্তু মুক্তির প্রথম দিনই সিনেমাটি ব্যবসা করতে পারেনি। দুপুরের শো দেখতে প্রায় ৮ জন দর্শক এসেছেন। বিকেলেও তাই। ‘চিত্রামহল’ সিনেমা হল থেকে ইকবাল বলেন, ‘সিনেমাটি নিয়ে যেমন প্রত্যাশা করেছিলাম তেমন দর্শক আসেনি। শুক্রবার দর্শক উপস্থিতি সাধারণত বেশি থাকে। কিন্তু এই সিনেমার বেলায় তেমন ছিল না।’

এদিকে পরিচালক দোলোয়ার জাহান ঝন্টু গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি মুক্তির পর রিপোর্ট ভালো পেয়েছি। সিনেমা হলে দর্শকের ভিড়ও দেখেছি। দর্শক হল থেকে বের হয়ে ভালো বলেছেন- এটাই তো বড় পাওয়া।’ কিন্তু হল কর্তৃপক্ষ বলছেন- দর্শক উপস্থিতি আশানুরূপ নয়। বিষয়টি স্মরণ করিয়ে দিতেই সুর পাল্টান এই নির্মাতা। তিনি বলেন, ‘করোনার মধ্যে মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। সেখানে সিনেমা দেখতে কজন মানুষ যায়! এমন হওয়াই স্বাভাবিক। আমিও চাই না দর্শক ভিড় করে সিনেমাটি দেখুক। করোনার বিষয়টিও মানতে হবে আমাদের।’

Link copied!