যুক্তরাষ্ট্রে ৯ মাস সময় কাটিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে চড়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিমাববন্দরে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে মনের কিছু অনুভূতিও প্রকাশ করেছেন। যেখানে ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রে থাকার সময়টায় নিজেকে নতুন করে চেনার, মানুষকে জানার আর ভক্তদের ভালোবাসার কথা।
শাকিব খান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে অথবা নিজেই যখন নিজেকে ভেঙে গড়ার চ্যালেঞ্জ দিয়েছি— ওপরওয়ালার রহমতে এবং আমার লাখো–কোটি ভক্তের ভালোবাসায় সব সময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত ৯টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
এই নয়টা মাস তার কাছে অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকার মতো ছিল জানিয়ে এই তারকা লেখেন, ‘তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল!’
দূরদেশে থেকেও অনেকের ভালোবাসা পেয়েছেন বলে জানান তিনি, ‘দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী—যারা সবসময় আমার পাশে থেকেছে, নি:স্বার্থভাবে ভালোবেসেছে।’
শাকিব খান নিউইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে তাঁর দুটি চলচ্চিত্র ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ মুক্তি পায়। ঈদুল আজহায় ‘লিডার; আমিই বাংলাদেশ’ এবং ‘অন্তরাত্মা’ মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি।