দুই বছর পর পাওলি ফিরছেন সুলোচনা হয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০৩:৩৯ পিএম

দুই বছর পর পাওলি ফিরছেন সুলোচনা হয়ে

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেত্রী। তাঁর অভিনয়ের দক্ষতায় যেমন প্রশংসিত তেমনি তার সৌন্দর্য নিয়েও চলে জোর চর্চা। এবার এ অভিনেত্রীকে 'ব্যোমকেশ হত্যামঞ্চ' গল্পে একজন নাট্য সম্রাজ্ঞীর চরিত্রে দেখা যাবে। অর্থাৎ একই ছবিতে মঞ্চাভিনয় আবার সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

e018c9920b5e00033e1db6323493cfc71657555955_original
 

‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ মুক্তি পাবে ১১ আগস্ট। এতে সুলোচনা চরিত্রে অভিনয় করেছেন পাওলি। ‘অভিযান’-এর অতিথি চরিত্রটি বাদ দিলে দুই বছর পর কোনো বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে পাওলির। অভিনেত্রী বলেন, ‘করোনার পরে এটাই আমার প্রথম বড়পর্দার রিলিজ। আমি খুব খুশি। বিশেষ করে অরিন্দমদার (শীল) সঙ্গে আমার প্রথম কাজ। বহুবার অরিন্দমদার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। তাঁর প্রথম সিনেমা ‘‘আবর্ত’’-র সময়ও কথা হয়েছিল, কিন্তু তখন করা হয়নি।’

এবারে কীভাবে সুযোগ মিলল? পাওলি বলেন, ‘এটা খুব ভালো টিম। স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিল। তার ওপর ব্যোমকেশ ফ্র‌্যাঞ্চাইজি। আবির, সোহিনী, সুহোত্র, কিঞ্জল, অর্ণসহ অনেকেই আছেন। সব মিলিয়ে আমার ভালো লেগেছিল।’

শরদিন্দু বন্দ্যোপাধ‌্যায়ের ‘বিশুপাল বধ’-এর গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ সিনেমায় সুলোচনা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র।

পাওলি বলেন, ‘সুলোচনা প্রথমত নাট‌্যকর্মী। ছোট একটা চরিত্র দিয়ে শুরু করে থিয়েটারে প্রখ‌্যাত ব‌্যক্তিত্ব হয়ে ওঠে সে। তাকে ঘিরে অনেক নাটক হিট করেছে। বাংলা বাণিজ্যিক থিয়েটারে সে বড় নাম। চরিত্রটা এমন ধাঁচের।’

‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ দিয়ে আবিরের সঙ্গেও অনেক দিন পর অভিনয় করলেন পাওলি। আবির তাঁর বহুদিনের বন্ধু। একসঙ্গে অনেক কাজ করেছেন। পাওলি বলেন, ‘খুব ভালো লাগে আবিরকে ব্যোমকেশ হিসেবে। ব্যোমকেশ-সুলোচনার কেমিস্ট্রি এবং ব্যোমকেশের সঙ্গে অন‌্য চরিত্রের রসায়ন দর্শকের ভালো লাগবে। সিনেমা আর থিয়েটার পারফরম‌্যান্সের মেলবন্ধন ঘটেছে এখানে।’

বাংলা-হিন্দি মিলিয়েই রয়েছে পাওলির নতুন কাজের তালিকা। এর মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘পালান’, ইন্দ্রাণী চক্রবর্তীর ‘ছাদ’ এবং অর্জুন দত্তের অ‌্যান্থোলজি ‘বিরিয়ানি’ নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী।

Link copied!