বিহারে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়। আজ (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম বলছে, পরিবারের সদস্যরা জামুই থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বিহারের লখিসরাই অঞ্চলের ৩৩৩ নম্বর মহাসড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এরপর গাড়ির ভেতরে থাকা পাঁচজন মারা যান। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন লালজিৎ সিং, তাঁর দুই ছেলে নেমানি সিং এবং রাম চন্দ্র সিং, মেয়ে বেবী দেবী, ভাইঝি অনিতা দেবী।
ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সুশান্তের পরিবারের এই সদস্যরা হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও পি সিংয়ের বোনের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পাটনা থেকে জামুই ফিরছিলেন। ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২০১৩ সালে ‘কাই পো চে’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সুশান্ত সিং রাজপুতের। একই বছরে মুক্তি পায় ‘শুদ্ধ দেশি রোমান্স’। ২০১৬ সালে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি সুশান্তকে। শুধু ক্যারিয়ার আর লাইফ নয়, ব্যক্তিগতভাবেও সুশান্ত ছিলেন মেধাবী।
বক্স অফিসে তাঁর শেষ ছবি ছিল ‘ছিঁছোড়ে’। অবশ্য নেটফ্লিক্সের ছবি ‘ড্রাইভ’-এ শেষবার দেখা গিয়েছে তাঁকে। গত বছর ১৪ জুন তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।