দ্বিতীয় বিয়ে করলেন ইভা রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২১, ০৮:৫৯ পিএম

দ্বিতীয় বিয়ে করলেন ইভা রহমান

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে দ্বিতীয় বিয়ে করলেন সঙ্গীত শিল্পী ইভা রহমান। রবিবার (১৯ সেপ্টেম্বর) গুলশানে ব্যবসায়ী সোহেল আরমানের সাথে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন।

বিয়ের পর গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় ইভা রহমান বলেন, ‘আমাকে আর ইভা রহমান বলবেন না। এখন থেকে বলবেন ইভা আরমান। আর আগের সংসারের বিচ্ছেদ নিয়ে কিছু বলতে চাই না। নতুনভাবে সংসার শুরুর সময় কোনো বাজে স্মৃতি মনে আনতে চাই না।’

 

এর আগে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করে নামের শেষে ‘রহমান’ যুক্ত করেছিলেন ইভা। 

ইভা জানান, গত  ৪ জুন মাহফুজর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্স  সার্টিফিকেট হাতে পান। তখন থেকেই নাম থেকে 'রহমান' মুছে ফেলেছেন। আর নতুন করে নামের শেষে যুক্ত করেছেন 'আরমান'। সামাজিক যোগাযোগ মাধ্যমেও 'ইভা রহমান' বাদ দিয়ে লিখেছেন 'ইভা আরমান'।

ইভা বিয়ে করেছেন সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে। নতুন স্বামীর নামের শেষ অংশ নিজের নামে যুক্ত করেছেন বলে জানান ইভা।

রবিবার ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা বলেন, ‘ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ইভার গাওয়া গানের অ্যালবাম সংখ্যা ৩০টির মতো। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ন হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম লোকেশনে।

Link copied!