জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ফের বিয়ে করেছেন। পূর্ণিমা নামেই তিনি শোবিজ আঙিনায় সুপরিচিত। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি।
গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে বৃহস্পতিবার জানা গেছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।
বৃহস্পতিবার রাতে পূর্ণিমা তাঁর বিয়ের খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। পূর্ণিমা বলেন, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।
বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কারও কারও কভিড ছিল। সে কারণে তাঁর বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এ নায়িকা।
পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। সেখান থেকে সম্পর্ক মজবুত হয়। তিনি বলেন, পরে দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। এরপরেই ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এটি দ্বিতীয় বিয়ে পূর্ণিমার। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে।