মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় 'পেপার’ ম্যাগাজিনের জন্য সাহসী কভার শ্যুট করে নেট দুনিয়ায় হইচই ফেলে দেওয়া বলিউড অভিনেতা রণবীর সিং অবশেষে থানায় গিয়ে হাজিরা দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকাল ৭টার দিকে থানায় যেয়ে ৯টার দিকে বের হন। এসময় বিতর্কিত ফটোশ্যুট বিষয়ে তার বক্তব্য রেকর্ড করে পুলিশ। প্রয়োজনে আবারও থানায় যেতে হতে বলিউডের এই অভিনেতাকে।

আনন্দবাজার, দ্য হিন্দুসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় থানায় যান রণবীর। এর আগে গত ২২ আগস্ট চেম্বুর থানায় হাজিরা দিতে যাওয়ার কথা ছিল রণবীর সিংয়ের। ওই সময় থানায় যেতে অপারগতা স্বীকার করে আরও ২ সপ্তাহের সময় চান তিনি। তবে এর এক সপ্তাহ পরই ফের তাকে তলব করে পুলিশ। এরই জেরে থানায় হাজিরা দিতে যান অভিনেতা রণবীর সিং।
এর আগে, গত জুলাইয়ে নগ্ন অবস্থায় ফটোশ্যুট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন রণবীর সিং।
চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর— এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক নারী আইনজীবী। ২৬ জুলাই সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বাইয়ের চেম্বুর থানা পুলিশ।
প্রসঙ্গত, মার্কিন মুল্লুকের ‘পেপার’ ম্যাগাজিনের কভারের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দেন রণবীর। দুটি ছবিতে অন্তর্বাস পরে পোজ দিয়েছেন তিনি। আর অন্য দুটি ছবিতে অভিনেতা সম্পূর্ণ নগ্ন।

রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুটের জেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। আলোচনা, সমালোচনা সবটাই চলে জোরদার গতিতে। কেউ রণবীরকে সাহসী বলেন। কেউ আবার 'নির্লজ্জ' তকমা দিয়েছেন। বলিউডের বৃহদাংশ অভিনেতার সাহসী পদক্ষেপে মুগ্ধ। ডিজাইনার থেকে পরিচালক, প্রযোজক থেকে সংগীত শিল্পী, সকলেই উচ্ছ্বসিত প্রশংসা করছেন। আবার কিছুজন রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশ্যুটের ছবি নিয়ে একের পর এক মিম বানিয়ে চলেছে। তবে রণবীর সিং যে নেটপাড়ার ক্রমাগত উষ্ণতা এখনও বাড়িয়ে চলেছেন, সেই কথা বলাবাহুল্য।