ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও কাজ করছেন তিনি। জুটি বেঁধে কাজ করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের সাথে। সমান তালেই দুই বাংলায় অভিনয় করছেন তিনি। চলতি বছরেও একই মাসে ঢালিউড এবং টলিউডের দুই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ইতোমধ্যে মহরত সম্পন্ন হয়েছে দুই সিনেমার। ঢালিউডের সিনেমা ‘লিডার’ এবং টলিউডের সিনেমা ‘অন্তরাত্মা’।
সম্প্রতি শাকিব খান শুরু করেছেন ‘অন্তরাত্মা’ সিনেমার শ্যুটিং। শুটিংয়ে এখন পাবনা রয়েছেন তিনি।নতুন এই ছবির জন্য ভিন্ন রুপে দেখা গেছে সুপারস্টার শাকিব খানকে। রোববার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তার নতুন লুকের একটি ছবি। সেখানে ব্যান্ডেনা ও ঘড়ি পরিহিত হাতে সিগারেট। লেন্স পরিহিত চোখ যেন কিছু বলতে চাইছে। প্রকাশ্যে আসতেই ভাইরাল এই নায়কের নতুন লুকের এই ছবি। প্রশংসায় ভাসছে তার নতুন লুক।
ভক্তদের পাশাপাশি প্রশংসা করছেন ঢালিউড তারকাও। সোমবার রাত থেকে দেখা গেছে শাকিবের নতুন লুক নিয়ে অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীদের কমেন্ট। তার ওই নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ সবাই। এর আগেও বেশ কিছু ছবির জন্য ভিন্ন লুক নিয়ে নতুন নতুন সিনেমায় হাজির হয়েছিলেন তিনি। এসব লুকের মধ্যে ভক্তদের বেশি পছন্দের ছিল শাকিব খান অভিনীত ‘নবাব’ সিনেমার লুক।