নরওয়েজিয়ান সিনেমায় অনন্ত জলিল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২১, ০৬:৩৬ পিএম

নরওয়েজিয়ান সিনেমায় অনন্ত জলিল

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল নরওয়ে-চীন ও পাকিস্তানের যৌথ-প্রযোজনার একটি ছবিতে অভিনয় করছেন। সিনেমার শিরোনাম ‘দ্য লাস্ট হোপ’। ছবির গল্প গড়ে উঠেছে কার রেসিংকে ঘিরে। অভিনেতা নিজেই একাধিক গণমাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে অনন্ত জলিল গণমাধ্যমকে জানিয়েছেন, এটি প্রযোজনা করবেন নরওয়ে, চীন ও পাকিস্তানের তিন প্রযোজক। স্ত্রী বর্ষাও অভিনয় করবেন এই ছবিতে।

তিনি আরও বলেন, ‘সিনেমাটির মূল পরিচালক নরওয়ের যে ভদ্রলোক তার সঙ্গে আমার পূর্ব থেকেই পরিচয়। তিনি নরওয়ের নাগরিক হলেও পাকিস্তানি বংশোদ্ভূত। পাকিস্তানের দর্শকের জন্য তিনি সিনেমাটি বানাতে চান। বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রতিও তার ভালো লাগা আছে। তাই আমাদের দেশেও সিনেমাটি মুক্তি দিতে চান। সেই ভাবনা থেকেই আমাকে তার সিনেমায় কাজের প্রস্তাব দিয়েছেন। শিগগিরই এই সিনেমাটির ব্যাপারে চূড়ান্ত তথ্য জানাতে পারবো।’

এ ছবিতে তিন দেশের জনপ্রিয় তারকারা কাজ করবেন। এর মধ্যে আছেন শাহরুখ খানের ‘রাইস’ ছবির নায়িকা পাকিস্তানের মাহিরা খান, জাভেদ পারভেজ, কামাল খান, নরওয়ের নায়িকা শাওলি প্রমুখ।

বিশ্বব্যাপী করোনা মহামারী প্রকোপ কমে এলে বেশ কয়েকটি দেশের লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে সারাবিশ্বের বেশ কিছু দেশের সিনেমা হলে।

এদিকে বর্তমানে অনন্ত অভিনীত ‘দিন : দ্য ডে’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে কাজ চলছে ‘নেত্রী : দ্য লিডার’ নামে সিনেমাটির। দুটি ছবিতেই অনন্ত’র নায়িকা বর্ষা।

Link copied!