কে-পপ বয় ব্যান্ড অ্যাস্ট্র’র মুনবিনকে মৃত অবস্থায় নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে ২৫ বছর বয়সী এই পপ তারকা নিজেই নিজের প্রাণ কেড়ে নিয়েছেন।
বুধবার (১৯ এপ্রিল) মুনবিনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম ইয়নহ্যাপ নিউজ টিভির একটি প্রতিবেদনে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিউল গ্যাংনাম থানার পক্ষ থেকে জানানো হয়, মুনবিনের ম্যানেজার রাত ৮টা ১০ মিনিটের দিকে সিউলের গ্যাংনাম জেলায় তাঁর বাড়িতে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এই পপ তারকার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় কে-ড্রামা ‘বয়েজ ওভার ফ্লাওয়ারস’-এ অভিনয়ের মাধ্যমে ২০১৬ সালে অভিনয়জগতে পা রাখেন মুনবিন। অ্যাস্ট্র’র সদস্য হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি মুনবিন তার প্রথম সাবইউনিট ‘মুনবিন এবং সানহা’-এর একটি অংশও হয়ে ওঠেন। যেটি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছিল।
অ্যাস্ট্র ইউনিট ‘মুনবিন এবং সানহা’-এর অংশ হিসেবে আসন্ন কনসার্টে মুনবিনের পারফর্ম করার কথাও ছিল।
মুনবিনের কোম্পানি ফ্যান্টাজিও একটি বিবৃতিতে জানায়, ‘১৯ এপ্রিল, অ্যাস্ট্র’র সদস্য মুনবিন হঠাৎ আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং আকাশের একটি তারকা হয়ে গিয়েছেন। আমরা বহুদিন একসঙ্গে ছিলাম। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর ভাবে শোকপ্রকাশ করছি।’
গানের পাশাপাশি অভিনয়, নাচ এবং মডেলিংও করতেন মুনবিন। খুব শিগগিরই সমস্ত পুলিশি নিয়ম শেষ করে পরিবার, নিকট বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।