বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণসহ বেশ কয়েকজন শপথ গ্রহণ করেছেন। তবে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ গায়ের জোরে চেয়ারে বসেছেন বলে সমালোচনা করেছেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করা জায়েদ খান বলেন, “আমি এখনো সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। এফডিসিতে নিপুণ বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন, এ কারণে আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। এর সম্মান আমাকে রাখতেই হবে।”
গত দুইদিন এফডিসিতে শত শত বাইরের মানুষ আনা হয়েছে দাবি করে জায়েদ খান আরও বলেন, “পেশীশক্তি দেখিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করলেই কি সেটা কার্যকর হয়ে যাবে? এফডিসিতে সৃজনশীল কাজ হয়। সিনেমা, শিল্পের কাজ হয়, এখানে এতো বহিরাগত ছেলে, ওরা কারা?”

‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক অভিযোগ করে আরও বলেন, “সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেনকে নিয়ে নিপুণ শুক্রবার রাতে বনানীর একটি রেস্তোরাঁয় এই নীল নকশা তৈরি করে। ওদের গোপন এই তথ্য আমার কাছে আছে। আইনের কাছে এই নীল নকশা হেরে যাবে। অবৈধভাবে নির্বাচিত সাধারণ সম্পাদককে যেন শপথ না করানো হয় এজন্য আমি সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে আজকেও আইনি নোটিশ পাঠিয়েছি। তারা কেউ আইন মানছেনই না। এখন আমার একটাই পথ আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়া।”

প্রসঙ্গত, রবিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।