ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০২:৪২ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ‘স্থিতাবস্থা’ বহাল থাকবে বলে রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। আগামিকাল মঙ্গলবার হাইকোর্টে শুনানি চলবে বলেও আপিল বিভাগের আদেশে বলা হয়ে হয়েছে।

সোমবার সকালে এ রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে। আপাতত জায়েদ-নিপুন দুজনের কেউই এই চেয়ারে বসছে না, পদটি শূন্য থাকছে।
রায় ঘোষণার পর জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নির্বাচিত হয়েও ভালোবাসা দিবসে কোর্টের বারান্দায় আসাটা কষ্টের। আমার মতো কারো ভালোবাসা দিবস আদালতের বারান্দায় না কাটুক। সবাইকে ভালোবাসা দিবস ও বসন্তের শুভেচ্ছা।’

এ সময় নিপুণের প্রসঙ্গে তিনি বলেন, “নিপুণের সঙ্গে আমার কোন বিরোধ নেই। সে আমার কলিগ, তার প্রতি ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।”
সাধারণ সম্পাদক পদে এই প্রতিদ্বন্দ্বীর উদ্দেশ্যে তিনি বলেন, “তাকে (নিপুণ) আমি একটা কথাই বলব, আপনি ভোটে পরাজিত হয়েছেন, সেটা মেনে নিয়ে আমাকে শিল্পী সমিতির কাজ করার জন্য সহযোগিতা করেন, তাহলে খুব খুশি হব। ভালোবাসা দিবসে আপনার প্রতি আমার এই বার্তা থাকল।”

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনের নিয়ম অনুযায়ি ওইদিনই ফলাফল ঘোষণা করার কথা থাকলেও নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ভোর ৫টার দিকে ওই ফলাফল ঘোষণা করেন।
তবে নির্বাচনে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে। পরে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

আপিল বোর্ডের এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে জায়েদ খান আদালতের দ্বারস্থ হলেগত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি সকালে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অভিনেত্রী নিপুণ। নিপুণ আক্তারের পক্ষে তার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনটি আদালতে উপস্থাপন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি চেম্বার আদালতে শুনানি হয়। শুনানিতে জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ‘স্থিতাবস্থা’ জারি করেছিলেন চেম্বার আদালত। অবশেষে সোমবার চূড়ান্ত রায় দিনে আপিল বিভাগের ফুল বেঞ্চ।