আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানি আবারও পিছিয়ে গেছে। আগামী ২৩ মে শুনানির তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। অপরদিকে, নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে,গত ১৪ মার্চ আদেশে আদালত অবমাননার আবেদনটি চার সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছিলো (স্ট্যান্ড ওভার)। ওইদিন আদালত বলেছিলেন, এই সময়ের মধ্যে কেউ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে পারবেন।
এরও আগে, নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন জায়েদ খান।অঅবেদন শুনানির জন্য গত ১৩ মার্চ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তারই ধারাবাহিকতায় সেটি সোমবার আপিল বিভাগে শুনানির জন্য আসে।
গত ৮ মার্চ আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান।
জায়েদ খানের অভিযোগ, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে আদালত অবমাননার মামলা করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ।
আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।
এরপর ১৪ ফেব্রুয়ারি মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে আপিল বিভাগের আদেশ অমান্য করে নিপুণের বিরুদ্ধে সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগ তোলেন জায়েদ খান।